২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিলো ৫ প্রাণ, হাসপাতালে ১০৩৪
- আপডেটঃ ০২:৪৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- / ৮৫৯ বার পঠিত
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২৭ জনে। অপরদিকে নতুন করে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ১৫৪ জন।
গতকাল বুধবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তি হওয়া এক হাজার ৩৪ জনের মধ্যে বরিশাল বিভাগে ১১১ জন, চট্টগ্রাম বিভাগে ১২৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮৩, ঢাকা উত্তর সিটিতে ১৮৭, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬০, খুলনা বিভাগে ১৪৫ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬৫ জন, রংপুর বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৩ হাজার ১৫৪ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ৪২৭ জনের মধ্যে ৫০ দশমিক ৬০ শতাংশ নারী এবং ৪৯ দশমিক ৪০ শতাংশ পুরুষ।
দেশের ইতিহাসে ২০২৩ সালে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ও মৃত্যুবরণ করেছেন। বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
২০২২ সালে ডেঙ্গুতে দেশে ২৮১ জন মারা যান। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
২০২১ সালে সারাদেশে এডিস মশাবাহী এই রোগে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। সে বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিলো।










