আজ বন্ধ সুপ্রিম কোর্টের বিচারকাজ
- আপডেটঃ ১১:৫০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ৮৪৪ বার পঠিত
সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে আজ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।
আজ রোববার (২৪ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রোববার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির সব প্রশাসনিক কাজ চলমান থাকবে।
উল্লেখ্য, ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন।
প্রসঙ্গত, সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন ১ জুন, ১৯৪১ খ্রিস্টাব্দে লক্ষ্মীপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং ১৯৬৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে এবং পরবর্তী সময়ে ১৯৮১ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
তিনি ১৮ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ১১ জানুয়ারি ২০০১ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে যোগদান করেন এবং বাংলাদেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ১ মার্চ ২০০৭ সাল থেকে ৩১ মে ২০০৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।










