শীত নিয়ে নতুন বার্তা দিল: আবহাওয়া অফিস
- আপডেটঃ ১১:২৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ৯০৭ বার পঠিত
আগামী তিন দিন দেশে শীত বৃদ্ধি পেতে পারে। এ অবস্থায় সারা দেশে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। একই সাথে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল সোমবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
সংস্থাটি জানায়, আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আগামীকাল বুধবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশার অবস্থা একই রকম থাকতে পারে।
আগামী বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। কুয়াশার অবস্থা অপরিবর্তিত থাকতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাত এবং দিনের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।










