আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো জোড় ইজতেমা
- আপডেটঃ ০১:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ৯০৭ বার পঠিত
গাজীপুরের টঙ্গী তুরাগতীরে তাবলিগ জামাতের শুরা-ই-নেজামের (জুবায়েরপন্থি) ৫ দিনব্যাপী জোড় ইজতেমার আখেরি মোনাজাত আজ। পাঁচ দিনের জোড় ইজতেমায় অংশ নেওয়া এ পর্যন্ত ৪ জন মুসল্লির মৃত্যু হয়েছে। জোড় ইজতেমার আয়োজক শুরা-ই-নেজাম তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। ৯টা ২০ মিনিটে শেষ হয় মোনাজাত। দোয়া পরিচালনা করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। আখেরি মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান শরিক হন।
স্থায়ী আবেগঘন মোনাজাতে হাজারো কণ্ঠে উচ্চারিত হয়েছে রাহমানুর রাহিম আল্লাহর মহত্ত্ব ও শ্রেষ্ঠত্ব। মনিব-ভৃত্য, ধনী-গরীর, নেতাকর্মী নির্বিশেষে সকল শ্রেণির মানুষ পরওয়ারদেগার আল্লাহর দরবারে দু’হাত তুলে নিজ নিজ কৃতকর্মের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।
আখেরি মোনাজাতে অংশ নিতে চিল্লাধারী মুসল্লিরা ছাড়াও ঢাকা, গাজীপুর, টঙ্গী ও আশুলিয়াসহ আশপাশের শত শত ধর্মপ্রাণ মুসল্লি সকাল থেকে ময়দানে জড়ো হন।
জোড় ইজতেমায় ৪ মুসল্লির মৃত্যু: শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত জোড় ইজতেমায় ৪ মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন-রংপুর জেলার কোতোয়ালি থানার বৌরাগীপাড়া গ্রামের মৃত মুকবুল হোসেনের ছেলে হায়দার আলী (৩৫), দিনাজপুর সদরের মোস্তাপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে কাউসার আলী (২৮), সিরাজগঞ্জ সদরের শহিদুল ইসলাম (৬৫) ও আব্দুল হাকিম আকন্দ (৭২)।
আয়োজক কমিটির সন্তোষ প্রকাশ: শুরায়ে নেজামের ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান জোড় ইজতেমা সুন্দর ও সুষ্ঠুভাবে পালন করতে পারায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে মোবারকবাদ জানান। তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমা। শেষ হবে ২ ফেব্রুয়ারি।










