‘কেমন পুলিশ চাই’ জনমত জরিপের ফলাফল প্রকাশ
- আপডেটঃ ০১:৫৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ৯০৮ বার পঠিত
জুলাই আন্দোলনে সমালোচিত ভূমিকার কারণে অনেক প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশ পুলিশ। যার কারণে সরকার পরিবর্তনের পর থেকেই পুলিশের মধ্যে সংস্কার চাচ্ছেন দেশের আপামর জনগণ।
পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করতে কিংবা রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চান দেশের ৮৯.৫ শতাংশ মানুষ। এছাড়া বাংলাদেশ পুলিশকে আধুনিক করে দক্ষ পুলিশের সংখ্যা বাড়ানোর তাগিদ ৭৫ শতাংশের মানুষের। জনমত জরিপের ফলাফল পুলিশ সংস্কার কমিশনের ওয়েবসাইট (www.prc.mhapsd.gov.bd) -এ পাওয়া যাবে।
আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ও পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিককালে দেশে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করতে কিছু সংখ্যক পুলিশ সদস্যের সহিংস ভূমিকা নিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে সমালোচনার প্রেক্ষিতে “পুলিশ সংস্কার” এখন সময়ের দাবি। সে লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশ বাহিনীর সংস্কারের লক্ষ্যে “পুলিশ সংস্কার কমিশন” গঠন করেছে যার কার্যক্রম চলমান।
পুলিশ সংস্কার কমিশন সর্বসাধারণের মূল্যবান মতামত জানতে ‘কেমন পুলিশ চাই’ শিরোনামে জনমত জরিপ পরিচালনা করে।










