ত্রিপুরার ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭
- আপডেটঃ ০৩:৪৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ৮৩২ বার পঠিত
আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে বরাখাস্ত করেছে ত্রিপুরা রাজ্য সরকার। এছাড়া এ ঘটনায় অভিযুক্ত সাত জনকে আটক করা হয়েছে। হাই কমিশনে ভাঙচুরের ঘটনায় পুলিশের সহকারী কমান্ড র্যাঙ্ক পদমর্যদার একজন কর্মকর্তাকে সরিয়ে দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ত্রিপুরা সরকার এ পদক্ষেপ গ্রহণ করেছে। খবর এনডিটিভি
গণমাধ্যমটির প্রতিবেদনে বলা বলেছে, বিক্ষোভের নামে হাইকমিশনের সামনে জড়ো হওয়ার পর কড়া নিরাপত্তার মধ্যে একটি দল বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে স্মারকলিপি জমা দেয়। তবে এক পর্যায়ে ওই গ্রুপের কিছু সদস্য নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করে, হাইকমিশন চত্বরে প্রবেশ করে এবং ভাঙচুর ও তাণ্ডব চালানোর পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকার অপমান করে।
এর আগে, গতকাল সোমবার (০২ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে নৃশংসতার নিন্দা জানায় এবং চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি দাবি করে। এই বিক্ষোভের নেতৃত্বে ছিল ‘হিন্দু সংগ্রাম সমিতি’, একটি ডানপন্থি সংগঠন।
এই ঘটনায় গতকাল সোমবার (০২ ডিসেম্বর)রাতে এক বিবৃতিতে তীব্র ক্ষোভ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগরতলার ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত এবং বিক্ষোভকারীদের হাইকমিশন প্রাঙ্গণে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছিল।
এদিকে আগরতলার ঘটনায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা নিন্দা জানিয়েছে বলেছেন, আগরতলা সার্কিট হাউসে গান্ধী মূর্তির সামনে বেশ কিছু মানুষ জড়ো হয়েছিল এবং শান্তিপূর্ণ অবস্থান করছিল। দুর্ভাগ্যবশত, কিছু ব্যক্তি জোরপূর্বক বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। শান্তিপূর্ণ আন্দোলন বা প্রতিবাদ গ্রহণযোগ্য, কিন্তু এ ধরনের আচরণ একেবারেই অনাকাঙ্ক্ষিত।










