আরও কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা
- আপডেটঃ ১১:৫০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
- / ৯০১ বার পঠিত
রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলাতেই গতকাল শনিবারের (০৭ ডিসেম্বর) তাপমাত্রা ছিল সাড়ে ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এর মধ্যে রাজশাহী বিভাগের জেলা নওগাঁর বদলগাছী উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা। একই সঙ্গে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রাও এটি।
আজ রোববার (০৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার এক পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় চলতি সপ্তাহজুড়েই দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। অর্থাৎ বাড়তে পারে শীতের অনুভূতি।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সন্ধ্যা ৬টার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনের পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ সপ্তাহজুড়েই থাকতে পারে শীত।
গত ২৪ ঘণ্টার সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।










