সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করল সরকার
- আপডেটঃ ০৫:০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- / ৯১৪ বার পঠিত
বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে। লিটারপ্রতি বাড়ছে আট টাকা। ফলে ১৬৭ টাকার পরিবর্তনে সয়াবিন তেলের দাম দাঁড়িয়েছে ১৭৫ টাকা। আর খোলা সয়াবিন তেলের দাম হবে ১৫৭ টাকা, যা আগে ছিলো ১৪৯ টাকা। আজ থেকেই নতুন দাম কার্যকর করা হবে।
আজ সোমবার (০৯ ডিসেম্বর) এডিবেল ওয়েল অনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন। বোতলজাত সয়াবিন তেলের পাশাপাশি খোলা তেলের দামও ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে বলে এ সময় জানানো হয়।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২০ শতাংশ বেড়েছে। এর ফলে স্থানীয় ছোট ছোট ব্যবসায়ীরা মজুদদারি করেছে। অনেকে ধারণা করেছিলেন সামনে দাম বাড়বে সেই প্রেক্ষিতে এই মজুদদারি হয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবধর্মী বিশ্লেষণ করে নতুন এই দাম নির্ধারণ করা হলো।
ভোজ্যতেল সরবরাহকারী কোম্পানিরগুলোর সংগঠনের সভাপতি মোস্তফা হায়দার বলেন, বিশ্ববাজারে প্রতি টন তেলের দাম ১২০০ ডলারে উঠেছে। গত এপ্রিলে সরকার যখন তেলের দাম নির্ধারণ করে দিয়েছিল, তখন বিশ্ববাজারে প্রতি টন তেলের দাম ছিল ১০৩৫ ডলার। এখন আমরা ১১০০ ডলার ধরে লিটারে ৮ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
উপদেষ্টা বলেন, যদিও এখন আমাদের প্রতি টন তেল ১২০০ ডলার খালাস হচ্ছে। আরও দাম বাড়তে পারে, সে উদ্বেগ এখনো রয়ে গেছে। কারণ বিশ্ববাজার এখনো স্থিতিশীল নয়।
এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, অন্যান্য নিত্যপণ্যের দাম কিছুটা স্থিতিশীল হচ্ছে। তবে আলুর দামে চরম অস্থিরতা এখনও আছে। তবে সেটাও নতুন আলু উঠলে দুই তিন সপ্তাহের মধ্যে কমে আসবে বলে আশা করছি।
এ সময় প্রতি মাসে একবার এই ফর্মুলা অনুযায়ী দাম নির্ধারণ করার প্রস্তাব করেছেন ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয় তাতে সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন মোস্তফা হায়দার।










