বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ঢাকা, পরের অবস্থানেই লাহোর
- আপডেটঃ ১২:৩২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / ৮৪২ বার পঠিত
রাজধানী ঢাকা আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে বায়ুদূষণে বিশ্বের ১২৬ নগরীর মধ্যে শীর্ষে। আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার বায়ুর মান ছিল ২৪১। অপরদিকে ২১৯ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর। বায়ুর এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে থাকে।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৪১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা শহরটি, যা জনস্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ঢাকার বায়ুর আজও যে মান, তা যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন স্থানে দূষণ বেশি, এর মধ্যে আছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি (৩৪৮), পশ্চিম নাখালপাড়া (২৭৯) ও ইস্টার্ন হাউজিং–২ (২৬৫)।
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২১৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ১৯৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, ১৯১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের কলকতার স্কোর ১৭৮।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।










