বিস্তার লাভ করতে পারে শৈত্যপ্রবাহ জানালো: আবহাওয়া অধিদপ্তর
- আপডেটঃ ১১:৩২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / ৮২২ বার পঠিত
দেশের ৩ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা আগামী সপ্তাহে আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া জানুয়ারি নাগাদ তাপমাত্রা ৩ ডিগ্রিতে নেমে আসতে পারে বলেও আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদরা এসব তথ্য জানিয়েছেন।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আরও তিন দিন এ শৈত্যপ্রবাহ স্থায়ী হতে পারে। ১৬ ডিসেম্বরের পর তাপমাত্রা বেড়ে ১৯ ডিসেম্বর থেকে তা আবার কমতে শুরু করবে। শৈত্যপ্রবাহ রাজশাহী ও রংপুর বিভাগের পাশাপাশি খুলনা, সিলেট বিভাগে ছড়িয়ে পড়তে পারে। গত বছরের চেয়ে এবার যে শীত বেশি। তা এরই মধ্যে দৃশ্যমান। গত বছরের এসময় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এবার একই সময়ে তাপমাত্রা ১-২ ডিগ্রি কমেছে।
তিনি বলেন, প্রতিবছর ২০ ডিসেম্বর কিংবা তার পরে ঘন-কুয়াশা দেখা যেত। এবার এরই মধ্যে রাজধানীসহ সারাদেশে কুয়াশা দেখতে পারছি। এখানে বায়ুদূষণের একটা প্রভাব রয়েছে। এবছর এমন হতে পারে ‘ফিলস লাইক’ বেশি হতে পারে। যেমন: তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভূতি হতে পারে ৮ থেকে ৯ ডিগ্রির মতো।
এ বছর জানুয়ারিতে শীত বাড়বে, তবে তাপমাত্রা কততে নামতে পারে সেটি বলা যাচ্ছে না বলে জানান এ আবহাওয়াবিদ।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, হিমালয় পেরিয়ে আসা শীতল বাতাস দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। ফলে শীতের অনুভূতি বেড়ে গেছে। আগামী দুই দিন শৈত্যপ্রবাহ চলার পর বঙ্গোপসাগর থেকে একটি বড় মেঘমালা আসতে পারে। এতে শীতের তীব্রতা কিছুটা কমতে পারে। দুই দিন শীত কম থাকার পর আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
এদিকে গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এদিন রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় আগামী তিন দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।










