আজ বায়ুদূষণের শীর্ষে রাজধানী ঢাকা
- আপডেটঃ ১১:৫৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / ৮৩০ বার পঠিত
বায়ুদূষণে বিশ্বের শীর্ষ স্থানগুলোর র্যাঙ্কিংয়ে সবসময়ই প্রথম সারিতে দেখা যায় এশিয়ার শহরগুলোকে। আরও স্পষ্টভাবে বললে দক্ষিণ এশিয়া। এই অঞ্চলের একাধিক মেগাসিটিকে সহজেই খুঁজে পাওয়া যায় দূষিত বাতাসের নগরীর তালিকায়। সবশেষ তথ্য অনুযায়ী শীর্ষ পাঁচ শহরের সবকয়টিই এই অঞ্চলের।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালেও বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, শহরটির স্কোর ২৮৫, যা জনস্বাস্থ্যের জন্য খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে থাকে।
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২২৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এ ছাড়া ২০১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর শহর, ১৯৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল এবং পঞ্চম অবস্থানে থাকা উগান্ডার কাম্পালার স্কোর ১৯১।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।










