বোলিংয়ে ত্রুটি থাকায় ইংল্যান্ডে নিষিদ্ধ সাকিব
- আপডেটঃ ০২:৫৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / ৯৪৭ বার পঠিত
ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে প্রথমবারের মতো বোলিংয়ে নিষিদ্ধ হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবকে নিষিদ্ধ করেছে তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার পর। লাফবোরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়ার পর এই ত্রুটি শনাক্ত হয়। এ নিষেধাজ্ঞার ফলে সাকিব ইসিবি আয়োজিত কোনো ম্যাচে বোলিং করতে পারবেন না, যতক্ষণ না তিনি তার অ্যাকশন সংশোধন করে পুনঃমূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হন।
গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, ইংল্যান্ডের কোনো টুর্নামেন্টে আর বোলিং করতে পারবেন না সাকিব। দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম বোলিং অ্যাকশনের জন্য প্রশ্নবিদ্ধ হলেন সাকিব। আর তাতে হলেন নিষিদ্ধই। পরীক্ষার ফল হাতে পেয়েই নিষেধাজ্ঞা কার্যকর করে ইংলিশ ক্রিকেট।
বিতর্ক আর সাকিব যেন পাশাপাশি হাঁটেন সবসময়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব। বাংলাদেশের জার্সিতে তাকে আবার মাঠে দেখতে পাওয়া অনিশ্চিত। দল পাননি আসন্ন আইপিএলেও। এবার নিষিদ্ধ হলেন ইংল্যান্ডে। বাইশ গজের এক সময়ের সেরাদের সেরা তারকা সাকিবের কাছে এখন মাঠই যেন এক বিভীষিকার নাম।










