ইজতেমার মাঠ দখল নিয়ে সংঘর্ষ: ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
- আপডেটঃ ১২:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / ৮৩৩ বার পঠিত
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনায় ওই এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার(১৮ ডিসেম্বর) ৪ প্লাটুন বিজিবি টঙ্গীতে টহল দিতে শুরু করে বলে বিজিবির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে তারা।
এর আগে, টঙ্গীতে ইজতেমা মাঠে মুসল্লিদের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন নিহত ও শতাধিক মুসল্লি আহত হন। গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে মুসল্লিদের একটি পক্ষের মাঠে প্রবেশকে কেন্দ্র করে অন্য পক্ষের সাথে হাতাহাতিতে ঘটনার সূত্রপাত হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ান তারা। ৩ জন নিহত ছাড়াও আহত হন দুই পক্ষের বহু মুসল্লি।
আহতদের উদ্ধার করে প্রথমে টঙ্গী আহসানউল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এ সময় বেলাল হোসেন নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামে আমিরুল ইসলাম বাচ্চু (৭০), ঢাকার দক্ষিণ খানের বেরাইদ এলাকার বেলাল (৬০), বগুড়ার তাজুল ইসলাম (৭০)।
বর্তমানে পরিস্থিতি শান্ত আছে জানিয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।










