সুপার ফোরের শুরুতেই ভারতের হোঁচট খেল বাংলাদেশ
- আপডেটঃ ০৫:৫০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
- / ৮৬৮ বার পঠিত
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বে দাপট দেখিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দল। তবে সুপার ফোরের শুরুতেই হোঁচট খেল সুমাইয়া আক্তারের দল। শক্তিশালী ভারতের বিপক্ষে পাত্তাই পায়নি জুনিয়র টাইগ্রেসরা। হেরেছে বড় ব্যবধানে।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দল। আগে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮০ রান তুলতে সমর্থ হয়। এই মামুলি লক্ষ্য ৮ উইকেট ও ৪৭ বল হাতে রেখেই টপকে গেছে ভারত।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শুরুটা খারাপ ছিল না। ফাহমিদা ছোঁয়া ও ইভা উদ্বোধনী জুটিতে ৫.২ ওভারে তোলেন ২৭ রান। ষষ্ঠ ওভারেই ছন্দপতন। ভারতের বাঁহাতি স্পিনার আয়ুশি শুক্লা চার বলের মধ্যে ফিরিয়ে দেন ইভা (১৯ বলে ১৪) ও ফাহমিদাকে (১৪ বলে ১০)।
২৭ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ ১৪তম ওভারে ৪৬ রানে হারায় সপ্তম উইকেট। সেখানে দলের রানটাকে ৬২ রানে নিয়ে যায় ফারজানা ইয়াসমিন (২১ বলে ৮) ও নিশিতা আক্তার (১৭ বলে ১০)। শেষ ওভারের প্রথম বলে নিশিতার বিদায়ের পর শেষ ৫ বলে বাংলাদেশ তোলে ১৮ রান। ৪ বলে ১টি করে চার-ছক্কায় এর ১১ রানই করেন ১০ নম্বর ব্যাটার হাবিবা ইসলাম। বাকি ৫ রান আসে ওয়াইড থেকে।
এরপর ২২ রানের মধ্যে ভারত দলটির প্রথম ২ উইকেট তুলে নিয়ে একটু আশা জুগিয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার আনিসা আক্তার। সেখান থেকে ৬৪ রানের জুটি গড়ে ভারতকে জিতিয়ে দেন ওপেনার গোঁগাদি তৃষা (৪৫ বলে ৫৮) ও অধিনায়ক নিকি প্রসাদ (১৫ বলে ২২)।
হার দিয়ে সুপার ফোর শুরু করলেও প্রথম রাউন্ডে শ্রীলঙ্কাকে হারিয়ে পাওয়া ২ পয়েন্ট আছে বাংলাদেশের হিসেবে। আগামীকাল সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারালেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশের মেয়েরা।










