বায়ু দূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থা কী?
- আপডেটঃ ০১:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
- / ৮৮৪ বার পঠিত
বায়ুমানে এক ধাপ উন্নতি হলেও রাজধানী ঢাকার বাতাস আজও অত্যন্ত অস্বাস্থ্যকর। দূষিত বাতাসের তালিকায় দিল্লি ও লাহোরের পরই অবস্থান ঢাকার।
আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার বায়ুমান রেকর্ড করা হয়েছে ২০৫। বায়ুদূষণের তালিকায় সবার উপরে অবস্থান করছে ভারতের দিল্লি। কোনো শহরের বায়ুমান ৩০০ হলে, সেখানকার বাতাসকে দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়। এই ৩০০-ই আজ পেরিয়েছে দিল্লির বায়ুমান।
বায়ু দূষণের তালিকায় শীর্ষে থাকা দিল্লি স্কোর ৩১২। অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ। পাশাপাশি তালিকায় দুই নম্বরে ২২৭ স্কোর নিয়ে আছে পাকিস্তানের লাহোর। এছাড়া ২১৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য খুব অস্বাস্থ্যকর।
এর আগে, গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বায়ু দূষণের তালিকায় ২৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে এবং বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ২৫৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ছিল ঢাকা। এ নিয়ে আজকে তৃতীয় দিনের মত ঢাকার বাতাস নাগরিকদের জন্য খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।
এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।










