ইয়েমেন থেকে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬
- আপডেটঃ ০৫:২৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
- / ৯১৯ বার পঠিত
ইয়েমেন থেকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলে। দেশটির বৃহত্তম শহর তেল আবিবের দক্ষিণে আঘাত হেনেছে হুথিদের একটি ক্ষেপণাস্ত্র। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন।
আজ শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
ইসরাইলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সংস্থা বলেছে, হামলায় কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। স্বাস্থ্যকর্মীরা বলেছে, কেউই গুরুতর আহত হননি। ভাঙা কাচের আঘাতে অনেকে আহত হয়েছেন।
এর আগে ফিলিস্তিনের শেহাব ও কুদস সংবাদ সংস্থা জানিয়েছে, এই হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে ইসরাইলি পুলিশ বলেছে, হামলাস্থলে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। এলাকাবাসীকে নিরাপদে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।
টাইমস অব ইসরাইল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের আকাশ সীমায় প্রবেশ করলে সাইরেন বেজে উঠে। কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকাতে ব্যর্থ হয়।
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিই ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আরও হামলার আশঙ্কায় তেল আবিবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ইয়েমেনের ‘সামরিক স্থাপনায়’ হামলা চালানোর কথা জানায় ইসরাইলি সামরিক বাহিনী। হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।
ইয়েমেনের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইসরাইলের হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। ওই হামলার জবাবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুমকি দেয় হুতিরা।










