চাঁদপুরে পণ্যবাহী জাহাজের পাঁচটি কক্ষে পড়ে ছিল পাঁচ রক্তাক্ত লাশ
- আপডেটঃ ০৪:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
- / ৮৩৮ বার পঠিত
চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল-বাখেরা নামে পণ্যবাহী একটি জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ওই জাহাজটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানা গেছে। জানা যায়, চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল জাহাজটি।
নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান বলেন, পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তাঁরা সন্দেহ করছেন, শত্রুতা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।
নৌ পুলিশ আরও জানায়, নৌযানটি চাঁদপুর সদর থানার মেঘনা নদীতে নোঙর করা অবস্থায় ছিল। সেটিতে সার পরিবহন করা হচ্ছিল। নিহত ব্যক্তিরা নৌযানটির চালক ও অন্যান্য কর্মী হতে পারেন।
পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে তাঁরা আজ বেলা তিনটার দিকে নৌযানটির কাছে যান। সেখানে গিয়ে নৌযানের পাঁচটি কক্ষে পাঁচজনের লাশ পান। বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায়। পরে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আটজন মানুষই নৌযানটিতে ছিলেন। নৌযানটির নাম এমভি আল-বাকেরা। এর মালিক মেসার্স এইচপি এন্টারপ্রাইজ।










