হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল
- আপডেটঃ ০৫:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / ৮৪৭ বার পঠিত
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ প্রথমবারের মতো ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন। একইসঙ্গে তিনি ইয়েমেনে হুতিদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের এক সম্মাননা অনুষ্ঠানে কাটজবলেন, ‘আমরা অপশক্তিকে চরম আঘাত করেছি এবং হুতি সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধেও কঠোর আঘাত হানব।’ খবর আল জাজিরার
বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ‘আমরা হুতিদের ওপর কঠোরভাবে আঘাত হানব এবং তাদের নেতৃত্বকে নিশ্চিহ্ন করব যেমনটা আমরা তেহরান, গাজা ও লেবাননে হানিয়া, (ইয়াহিয়া) সিনওয়ার ও (হাসান) নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি, ঠিক সেটাই আমরা হোদেইদা ও সানায় করব।’
চলতি বছরের ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে এক হামলায় নিহত হন ইসমাইল হানিয়া। ইসমাইল হানিয়াকে হত্যার জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস। তবে হানিয়াকে হত্যার কথা এতদিন স্বীকার করেনি ইসরায়েল।
ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন। সেখানে তিনি যে অতিথিশালার কক্ষে উঠেছিলেন, সেখানে কয়েক সপ্তাহ আগে থেকেই বোমা পেতে রেখেছিলেন ইসরায়েলি কর্মকর্তারা। সেই বোমা বিস্ফোরণেই নিহত হন হানিয়া।
এরপর গত ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এর এক মাস পরই ১৬ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় হানিয়ার উত্তরসূরি ইয়াহিয়া সিনওয়ারকেও হত্যা করে ইসরায়েল।










