ঢাকাকে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টির প্রথম চ্যাম্পিয়ন রংপুর
- আপডেটঃ ০৭:৩২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / ৮৩৪ বার পঠিত
জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত ১১ ডিসেম্বর মাঠে গড়িয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম আসর। আর ঢাকা মেট্রো এবং রংপুর বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামল টুর্নামেন্টটির। ফাইনালে ঢাকাকে ৫ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়ে এনসিএল টি-টোয়েন্টির প্রথম শিরোপা ঘরে তুলেছে রংপুর।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আগে ব্যাট করতে নেমে মাত্র ৬২ রানে গুঁটিয়ে যায় ঢাকা মেট্রো। জবাব দিতে নেমে ৫২ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর।
এর আগে, টস জিতে ঢাকা মেট্রোকে ব্যাট করতে পাঠিয়ে চেপে ধরে রংপুরের বোলাররা। রংপুরের বোলিং তোপের মুখে সুবিধা করতে পারেনি ঢাকার কোনো ব্যাটার। শেষ পর্যন্ত ১৬.৩ ওভারে ৬২ রানে অলআউট হয় ঢাকা। যেখানে দলীয় সর্বোচ্চ ১৪ রান আসে শামসুর রহমানের ব্যাট থেকে। রংপুরের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন মুকিদুল মুগ্ধ ও আলাউদ্দিন বাবু।
কেবল ৬৩ রানের লক্ষ্য হলেও রংপুরের জন্য যে সহজ হবে না, তা বোঝাই যাচ্ছিল। ১৮ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা হলেও ভড়কে যায় তারা। কিন্তু চাপের মেঘ সরিয়ে স্বস্তি এনে দেন আরিফুল হক। অষ্টম ওভার করতে আসা রাকিবুল হাসানকে একটি চার ও ছয় মারেন তিনি। অবশ্য ১১ বলে ১৪ রান করে সেই ওভারেই সাজঘরে ফিরতে হয় তাকে। তবে পরে তানভীর হায়দার (৮*) ও এনামুল হক এনামের (১৪) ব্যাটে চড়ে জয়ের উল্লাসে মাতে রংপুর।
ঢাকা মেট্রোকে শুরুতে আশা দেখানো আলিস আল ইসলাম ১৩ রানে শিকার করেন ২ উইকেট। এছাড়া ৪ ওভারে মাত্র ৮ রান খরচে এক উইকেট নেন আবু হায়দার রনি।
রংপুরের হয়ে ১২ রান খরচে তিনটি করে উইকেট নেন মুগ্ধ ও বাবু। এছাড়া একটি করে শিকার রবিউল হক, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান আরিফ আহমেদের।










