ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা, নিহত ৬
- আপডেটঃ ০৭:০০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
- / ৮৩৮ বার পঠিত
গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় বাসের চালক নুরুন্নবীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। আরও জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। গাড়িটি নিয়ন্ত্রণহীন ছিল বলে আপাতত ধারণা করা হচ্ছে। তবে আরও কোনো কারণ আছে কি না, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
পুলিশ জানায়, ‘বাসে দুইজন স্টাফ ছিলো। আমরা জানতে পেরেছি নুরুন্নবী নামে চালক বাস চালাচ্ছিলো। হাইওয়ে পুলিশ ও র্যাবের অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের এখন পরিচয় ভেরিকেশন করা হচ্ছে। ভেরিফাই করার পর বিস্তারিত জানানো হবে।
দুর্ঘটনার বিষয়ে এখনও মামলা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘এবার শুধু বাস চালকের বিরুদ্ধে নয়, দুর্ঘটনায় অন্য যারা সংশ্লিষ্ট তাদের সকলের বিরুদ্ধেও মামলা হবে।’
গতকাল শুক্রবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় যাত্রীবাহী কুয়াকাটাগামী বেপারী বাস রেজি নং ঢাকা মেট্রো ব-১৪-৫১৭০ থেমে থাকা প্রাইভেট কার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে ধাক্কা দিলে ৬ জন নিহত হন। দুর্ঘটনার পর বাস আটক হলেও স্টাফরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে, দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা নিহত একই পরিবারের চারজনের মধ্যে তিনজনকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের নন্দনকোনা গ্রামে কবরস্থানে দাফন করা হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ও দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারের মালিক নুর আলমের স্ত্রী আমেনা আক্তার (৪০), তাঁর বড় মেয়ে ইসরাত জাহান ইমু (২৪), ছোট মেয়ে রিহারকে(১১) আমেনা আক্তারের সামাজিক কবরস্থানে দাফন করা হয়। আর আমেনা আক্তারের নাতি শিশু আইয়াজ হোসেনর (২) মরদেহ তাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় প্রাইভেটকারে থাকা আইয়াজের মা অনামিকা ও বাবা নূর আলম সোহান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে বেপরোয়া যাত্রীবাহী বেপারী পরিবহনের বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শিশু মো. আবদুল্লাহ (৭) নিহত হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শুক্রবার সন্ধ্যায় মারা গেছেন আব্দুল্লার মা রেশমা আক্তার (২৬) । মোটরসাইকেটি চালাচ্ছিলেন রেশমার স্বামী সুমন মিয়া।
এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। জানা যায়, সেতুর টোল পরিশোধের জন্য মাওয়ামুখী হয়ে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় ঢাকা-কুয়াকাটা পথে চলাচলকারী বেপারী পরিবহনের একটি বাস। এতে হতাহতের ঘটনা ঘটে।










