আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
- আপডেটঃ ১২:০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
- / ৮৯৪ বার পঠিত
রাজধানীতে বায়ুদূষণ বেড়েই চলেছে। বিশেষ করে প্রতিবছর শীতকালে দূষণের পরিমাণ বেড়ে প্রায়ই ঢাকার নাম শীর্ষে উঠে আসে। এবারের শীতেও দেখা যাচ্ছে একই চিত্র। আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে ঢাকা।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী, ঢাকায় বাতাসের মান ছিল ২০৯ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৩৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর। এ ছাড়া ২২৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। আর ১৮২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো এবং পঞ্চম অবস্থানে থাকা বাহরাইনের রাজধানী মানামার স্কোর ১৭৬।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।










