ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি ৪৫ হাজার ৫০০ ছাড়াল
- আপডেটঃ ০৪:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
- / ৮৫৭ বার পঠিত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি বর্বর হামলায় আরও ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৯০ জন।
গতকাল রোববার (২৯ ডিসেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৫১৪ জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে ফিলিস্তিনি স্বাধীনতাগোষ্ঠী হামাস। ওই হামলায় ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হন। সেখান থেকে বন্দি করে নিয়ে আসা হয় ২০০ এর মতো ইসরায়েলিকে। এর পরদিন থেকে গাজা উপক্যকায় হামলা শুরু করে ইসরায়েল।
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় গোটা দেশ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।
এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।










