যুক্তরাষ্ট্রে এক বছরে আইসিইর রেকর্ড সংখ্যক অভিবাসী গ্রেফতার
- আপডেটঃ ০২:৩৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
- / ৮৯৮ বার পঠিত
যুক্তরাষ্ট্রে ২০২৩ অর্থবছরে অভিবাসীকে গ্রেপ্তারের রেকর্ড গড়েছে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। বিভিন্ন অপরাধের কারণে এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনস (ইআরও) কর্মকর্তারা এ সময় ৭৩ হাজার ৮২২ জন অভিবাসীকে গ্রেপ্তার করে ইতিহাস সৃষ্টি করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২ লাখ ৯০ হাজার ১৭৮টি অভিযোগ ও দোষ স্বীকারের রেকর্ড রয়েছে উল্লেখ করেন আইসিই। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আইসিই সূত্র জানায়, গ্রেফতার হওয়া প্রতি ব্যক্তির নামে কমপক্ষে গড়ে চারটি অভিযোগ ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য অপরাধ ছিল ৩৩ হাজার ২০৯টি হামলার মামলা, ৪ হাজার ৩৯০টি যৌন অপরাধ, ৭ হাজার ৫২০টি অস্ত্র সম্পর্কিত অপরাধ, ১ হাজার ৭১৩টি হত্যার অভিযোগ বা দোষ স্বীকার এবং ১ হাজার ৬৫৫টি অপহরণের মামলা।
এদিকে যুক্তরাষ্ট্রে নানা অপরাধের কারণে ছয় দেশের ২২ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। কলোরাডো রাজ্যের বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ইআরও ডেনভারের কর্মকর্তারা গত বছর ৯ থেকে ২০ ডিসেম্বর ডেনভার শহর ও কাউন্টিতে পরিচালিত এক অভিযানে ২২ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেন। এদের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ বা পূর্বে অপরাধমূলক দোষ স্বীকার করার রেকর্ড রয়েছে।
উক্ত অভিযানে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন— ১৫ জন মেক্সিকান নাগরিক, দুই জন এল সালভাদর নাগরিক, দুই জন হন্ডুরাসের নাগরিক এবং গুয়াতেমালা, কলম্বিয়া ও ভেনিজুয়েলার একজন করে নাগরিক। এই ব্যক্তিরা গুরুতর অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
আইসিই জাতীয় নিরাপত্তা, জন নিরাপত্তা এবং সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন ব্যক্তিদের গ্রেফতারে মনোযোগ দিচ্ছে। আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে তাদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ব্যবহার করে, কর্মকর্তারা অপরাধী ও অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এই অভিযান জন নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রে আইসিই-এর অবিচল প্রতিশ্রুতি প্রদর্শন করবেন বলে কর্মকর্তারা উল্লেখ করেন।










