মেট্রোরেলে ভ্যাট নিয়ে সুখবর দিল এনবিআর
- আপডেটঃ ০৭:১৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
- / ৮৯৩ বার পঠিত
যাতায়াত ব্যয় সাশ্রয় করার লক্ষ্যে মেট্রোরেল সেবাকে ভ্যাটমুক্ত করার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এবনিআর)।
আজ সোমবার (০৬ জানুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ তথ্য জানানো হয়। এ সুবিধা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
আদেশে বলা হয়, যেহেতু মেট্রোরেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন; মেট্রোরেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করছে; মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন।
সেহেতু এনবিআর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, দ্রুতগামী, নিরাপদ, সময় সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও দূর নিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পরিবহণ ব্যবস্থা মেট্রোরেল সেবার ওপর আরোপণীয় মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হলো। আর এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৫ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হয়। এরপর পর্যায়ক্রমে মেট্রোরেল চলাচল মতিঝিল পর্যন্ত বাড়ানো হয়।










