ফরিদপুরে রেলক্রসিংয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত
- আপডেটঃ ০৫:২৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
- / ৮৫২ বার পঠিত
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস পুকুরে ছিটকে পড়ে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১১টার দিকে জেলার সদর উপজেলার মুনসিবাজার এলাকায় একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীবাজার দিক থেকে আসা একটি মাইক্রোবাস দ্রুত গতিতে গেরদা রেলগেট ক্রসিং করছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস নামক একটি ট্রেন ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে প্রায় ১০০ মিটার দুরে নিয়ে যায়। একপর্যায় মাইক্রোবাসটি ধুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে থাকা একটি পুকুরের পানিতে পড়ে যায়। তখন মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ হয়।
এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ২ জন। মাইক্রোবাসে থাকা ১০ থেকে ১১ জন যাত্রী সম্ভবত কোনো অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে ধারনা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলের ওই রেল ক্রসিংয়ে কোন গেটম্যান নেই। যে কারণে এই দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা জানান, মর্মান্তিক এই দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। দুই জন আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
তিনি বলেন, দুঃখের বিষয় গুরুত্বপূর্ণ ওই ক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় এমন দুর্ঘটনা ঘটল। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহতরা নারায়নগঞ্জের বাসিন্দা। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।










