শপথের আগে ওয়াশিংটনে হাজারো মানুষের ট্রাম্পবিরোধী বিক্ষোভ
- আপডেটঃ ০৩:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ৮৫১ বার পঠিত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) শপথগ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল ভবনে। এ সময় বাইরে বিক্ষোভ করছেন হাজারো মানুষ। ২০১৭ সালের জানুয়ারিতে যখন তিনি প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন, তখনও বিক্ষোভ হয়েছিল।
আজ রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি জানায়, ট্রাম্পের শপথ অনুষ্ঠানের প্রতিবাদ জানিয়ে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের অধিকাংশই নারী। ‘দ্য পিপলস মার্চ’ নামে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশটি আগে ‘উইমেনস মার্চ’ নামে পরিচিত ছিল। ‘ট্রাম্পিজম’ মোকাবিলার লক্ষ্যে কয়েকটি দলের জোট এই বিক্ষোভের আয়োজন করে। নিউইয়র্ক সিটিসহ আরও কয়েক জায়গায় ছোট ছোট বিক্ষোভ সমাবেশ হয়।
তবে পুলিশ ধারণা করছে এই বিক্ষোভে ২৫ হাজার মানুষ অংশ নিতে পারে। মূলত জলবায়ু সংকট, অভিবাসন, নারী অধিকারসহ আরও নানা বিষয় প্রতিবাদ জানাতে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা বলছেন, সবাই মিলে ‘ট্রাম্পইজম’ (ট্রাম্পের ভাবাদর্শ) মোকাবেলা করাটাই আজকের বিক্ষোভের মূল বিষয়।
ট্রাম্পের এবারের প্রেসিডেন্সির মেয়াদে ঝুঁকি আগের চেয়ে আরও অনেক বেশি। কারণ, ট্রাম্প এবার আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। ধনকুবের শ্রেণির মানুষকে তার পাশে পেয়েছেন।










