শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিলো: আবহাওয়া অফিস
- আপডেটঃ ১১:২৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ৯০৩ বার পঠিত
তাপমাত্রার পারদ কমে ফের ধীরে ধীরে বাড়ছে শীত। সঙ্গে আগের মতোই শেষরাত থেকে সকাল পর্যন্ত থাকছে কুয়াশার দাপট। এরমধ্যেই দেশের ২ জেলায় হানা দিয়েছে শৈত্যপ্রবাহ। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে দিন-রাতের তাপমাত্রা।
গতকাল রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে।
সংস্থাটি জানায়, আজ সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পঞ্চগড় ও কুঁড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
আগামীকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।










