বায়ুদূষণে শীর্ষস্থানে রাজধানী ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
- আপডেটঃ ১২:২০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ৮১৫ বার পঠিত
বিশ্বের ১২৪টি শহরের মধ্যে আজ বায়ুদূষণে শীর্ষস্থানে রয়েছে রাজধানী ঢাকা। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা বায়ুদূষণের কবলে। আইকিউএয়ারের বাতাসের মান সূচকে এসময় ঢাকার স্কোর ২৫৭ । বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়।
আজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৫৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা।
একই সময়ে ২২৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এ ছাড়া ১৯৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং, ১৮৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা এবং পঞ্চম অবস্থানে থাকা উজবেকিস্তানের রাজধানী তাশখন্দের স্কোর ১৮৬।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।










