আ.লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ
- আপডেটঃ ০৪:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ৮৯৬ বার পঠিত
জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। তারা ফেরত এলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে।
আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজার এলাকায় ছাত্র-জনতার সঙ্গে পথসভা ও শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন উপদেষ্টা মাহফুজ।
মাহফুজ আলম বলেন, বিএনপি-জামায়াত ইসলামীসহ অন্য রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থি আছে, তারাই নির্বাচনে থাকবে। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সব দল পজিটিভ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবে। আমরা আর শেখ মুজিব-শেখ হাসিনার ফ্যাসিবাদীদের শাসনামল চাই না। আমরা চাই, এদেশ বাংলাদেশপন্থিদের হাতে থাকবে।’
উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন, ‘আওয়ামী স্বৈরাচারী আমলে মানুষ দীর্ঘ ১৬ বছর ধরে নিপীড়িত হয়েছে। ওই সময় দেশে খুন-ঘুম ও ধর্ষণসহ শুধু দুর্নীতি হয়েছে। যেসব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, ওই প্রতিষ্ঠানগুলোর সংস্কারসহ গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করা এই সরকারের অঙ্গীকার।’










