বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- আপডেটঃ ১২:৪০:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ৮৮৩ বার পঠিত
দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের কারণে চরম স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাস করছে রাজধানীর মানুষ। শীত আসার পর থেকেই শ্বাস-প্রশ্বাসজনিত রোগে ভিড় বাড়ছে ঢাকার হাসপাতালগুলোতে, যার পেছনে সবচেয়ে বেশি দায়ী দূষিত বাতাস। গত ডিসেম্বরের মতো জানুয়ারিতেও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকে অবস্থান করছে শহরটি; ব্যতিক্রম ঘটেনি আজও।
আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার দূষণ স্কোর ৩৩৬। অর্থাৎ, খুবই অস্বাস্থ্যকর এখানকার বাতাস। সবশেষ আপডেট অনুযায়ী বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে ঢাকা।
আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। আজ সকাল ৯টায় আইকিউএয়ার সূচকে সবার ওপরে আছে ভারতের দিল্লি।শহরটির বাতাসের মানের স্কোর ৪৯৯।
বাতাসের এই মান নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ দুই নম্বরে আছে চীনের চেংডু। শহরটির বাতাসের মানের স্কোর ৪২১। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’।
এদিকে বিশ্বের ১২৩ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ ৩ নম্বরে থাকা রাজধানীর বাতাসের মানের স্কোর ৩৩৬। এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় রাজধানীবাসীদের জানালা বন্ধ রাখার পাশাপাশি ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।
এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।










