১০ মিনিটে অন-অ্যারাইভাল ভিসা দেবে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেটঃ ০৩:১৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৮৮১ বার পঠিত
অন অ্যারাইভাল ভিসা কার্যক্রমে চুক্তিতে থাকা দেশগুলোর নাগরিকরা এখন থেকে বিমানবন্দরে ১০ মিনিটে অনএরাইভাল ভিসা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনলাইনে অন অ্যারাইভাল ভিসা কার্যক্রমের উদ্বোধন করেন উপদেষ্টা। উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন থেকে ১০ মিনিটে বিদেশি নাগরিকরা অন-অ্যারাইভাল ভিসা নিতে পারবেন। কার্ড কিংবা ক্যাশ দুই পদ্ধতিতেই পেমেন্ট করা যাবে। ভিসার মেয়াদ হবে ৩০ দিন।
উপদেষ্টা বলেন, কিছু কিছু দেশ আছে যারা অন-অ্যারাইভাল ভিসা পায়। কিন্তু এই ভিসা পেতে কারো ৪৫ মিনিট বা ১ ঘণ্টা সময় লেগে যায়। আমরা নতুন যে সিস্টেম করেছি সেটা হলো সেবাগ্রহীতা মাত্র ১০ মিনিটের মধ্যে অন-অ্যারাইভাল ভিসাটা পেয়ে যাবেন।
উপদেষ্টা জানান, এই ভিসা পেতে প্রার্থীরা নিজেরাই অনলাইনে আবেদন করে যাবতীয় তথ্য দিয়ে রাখবেন। পরে একটি কোড পাবেন তারা। এই কোডটি নিয়ে এয়ারপোর্টে দেখালে ডলারে পেমেন্ট করলেই তিনি ৫ থেকে ১০ মিনিটের ভিসা পেয়ে যাবেন। এই সিস্টেমই আজ থেকে চালু হয়েছে।
তিনি বলেন, সোনালী ব্যাংকে টাকা জমা দিতে যে সময়টুকু লাগবে শুধু সেই সময়টাই ব্যয় হবে। ভিসার যে পেমেন্ট সেটা কার্ড এবং ক্যাশে পেমেন্ট করা যাবে।
উপদেষ্টা বলেন, পাসপোর্টের প্রক্রিয়া সহজ করার জন্য পুলিশ ভেরিফিকেশন তুলে দেয়ার চিন্তা হচ্ছে। ভেরিফিকেশন থাকলেও যাতে আরো সহজে পাসপোর্ট পাওয়া যায় সেই চেষ্টা করা হচ্ছে।










