ফিলিস্তিনি ভেবে দুই ইসরাইলিকে গুলি করল মার্কিন যুবক
- আপডেটঃ ০৩:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ৮৮২ বার পঠিত
ফিলিস্তিনি ভেবে দুই ইসরাইলি পর্যটককে গুলি করে হত্যার চেষ্টা করেছেন এক মার্কিনি। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় সময় গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি বিচে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
মিয়ামি কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার যুবকের নাম মর্ডেচাই ব্রাফম্যান। গত রোববার (১৬ ফেব্রুয়ারি) ২৭ বছর বয়সি এই যুবকের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।
মিয়ামি বিচ পুলিশ জানিয়েছে, ব্রাফম্যান তাদের বলেছেন, মিয়ামি বিচে ট্রাক চালানোর সময় তিনি দুজন লোককে দেখেছিলেন যাদের তিনি ফিলিস্তিনি বলে মনে করেছিলেন। এরপর তিনি সেখানে থামেন এবং তাদের হত্যার উদ্দেশ্যে গুলি করেন।
এ হামলায় দুই পর্যটকের একজনের কাঁধে, আরেকজনের বাহুতে গুলি লাগে। পরে জানা যায়, তারা কেউই ফিলিস্তিনি নন, তারা ইসরাইলি পর্যটক।
এর আগে, ২০২৩ সালের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।
মানবাধিকার কর্মীরা বলছেন, গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী, ফিলিস্তিনবিরোধী এবং ইহুদিবিরোধী বিদ্বেষ ব্যাপক বেড়েছে।










