ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শনে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেটঃ ১২:১৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ৮৬০ বার পঠিত
ঢাকা মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে পুলিশের টহল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে স্থাপিত পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত চেকপোস্ট, তল্লাশিচৌকির কার্যক্রম পরিদর্শন করেন। কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি কয়েকটি থানা ঘুরে দেখেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোরে উপদেষ্টা তাঁর বারিধারা ডিওএইচএসের বাসা থেকে বের হয়ে বনানী মোড়, বিজয় সরণি (নভোথিয়েটার), মানিক মিয়া অ্যাভিনিউ, কলাবাগান, ইডেন কলেজ হয়ে নিউমার্কেট থানা পরিদর্শন করেন। পরে সেখান থেকে শাহবাগ মোড়, মৎস্য ভবন, মগবাজার, হাতিরঝিল, পুলিশ প্লাজা হয়ে গুলশান থানায় যান। গুলশান থানা থেকে তিনি ইউনাইটেড হাসপাতাল হয়ে বারিধারার বাসায় ফেরত আসেন। এ সময় উপদেষ্টা আশপাশের কিছু অলিগলিও ঘুরে দেখেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশনা দেন।










