তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
- আপডেটঃ ১২:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ৮৩১ বার পঠিত
সারাদেশ থেকে শীত প্রায় বিদায় নিয়েছে। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ৩০ ডিগ্রির ঘরে রয়েছে। চলতি মাসের বাকি দিনগুলোতে দিন ও রাতের তাপমাত্রা প্রায় বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থার মধ্যে বর্ধিত ৫ দিনে আরও বাড়তে পারে রাতের তাপমাত্রা। এতে গরমের অনুভূতিও বাড়বে। তবে এই সময়ে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, আগামী শনিবার (০১ মার্চ) পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত নদী অববাহিকায় কোথাও কোথাও হালকা কুয়াশার দাপট থাকতে পারে।
এই আবহাওয়াবিদ জানান, বৃহস্পতি ও শুক্রবার (২৭-২৮ ফেব্রুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। যদিও এই সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। পাশাপাশি এই সময়ে কক্সবাজারে দেশের সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।










