দেশের ১৩ জেলায় তাপপ্রবাহ, যেসব জায়গায় বৃষ্টি হতে পারে
- আপডেটঃ ১১:২৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / ৮২৩ বার পঠিত
দেশে তাপপ্রবাহের বিস্তৃতি বেড়েছে। পাঁচ জেলা থেকে ছড়িয়ে রোববার দেশের ১৩ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল রোববার (১৬ মার্চ) রাতে সংস্থাটি জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, কয়রা (খুলনা) এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
গতকাল রোববার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, ঢাকা এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ সোমবার (১৬ মার্চ) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, এই সপ্তাহের শেষের দিকে সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।










