বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- আপডেটঃ ১১:৫৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ৮৭৭ বার পঠিত
মৌসুমী স্বাভাবিক লঘুচাপের ফলে সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলাসহ কিছু জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার (১৯ মার্চ) প্রকাশিত ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস বলেছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ বুধবারের (১৯ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তাপমাত্রা সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামীকাল বৃহস্পতিবারের (২০ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আগামী শুক্রবার (২১ মার্চ) দেশের বিভিন্ন বিভাগে, যেমন ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই দিনে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়, এ সময়ের প্রথম দিকে সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।










