গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন
- আপডেটঃ ০২:২০:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ৮৫৮ বার পঠিত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রতিদিনই বাড়ছে ইসরায়েলি হামলার তীব্রতা। এতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। এ অবস্থার প্রতিবাদ জানিয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আজ ক্লাস-পরীক্ষা হচ্ছে না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে জোরেশোরে এ কর্মসূচি পালিত হচ্ছে।
আজ সোমবার (০৭ এপ্রিল) রাজধানীর একাধিক স্থানে অবস্থান নেয় শিক্ষার্থীরা। কিছু স্থানে নির্দিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। আবার কিছু জায়গায় নির্দিষ্ট একটি প্রতিষ্ঠান নয়, বরং একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মিলে বড় জমায়েত তৈরি করে গাজা ইস্যুতে প্রতিবাদ জানায়।
বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার পাশাপাশি সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সব অফিস বন্ধ রাখার তথ্য জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংহতি সমাবেশের ডাক দিয়েছে শিক্ষক সমিতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন করা হয়।
এছাড়া, ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টিসহ বেশ কিছু রাজনৈতিক দল। দেশের বিভিন্ন স্থানেও বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন।










