ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
- আপডেটঃ ০৩:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / ৮৭৭ বার পঠিত
ঢাকার সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় উভয় কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার সূত্রপাত হয়।
সরেজমিনে দেখা যায়, উভয় কলেজের শিক্ষার্থীরা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নেয়। উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং ইট-পাটকেল নিক্ষেপ অব্যাহত থাকে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে তৎপর রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
তাৎক্ষণিকভাবে জানা গেছে, ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করেই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।










