যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, রাস্তায় হাজারও মানুষ
- আপডেটঃ ০৪:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ৮৯২ বার পঠিত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বিলিয়নিয়ার সহযোগী ইলন মাস্কের সরকারের কাঠামো দ্রুত পরিবর্তন ও প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা চালানোর সময় এদিকে যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। দেশটির ফেডারেল রাজধানী ওয়াশিংটন, ডি.সি. সহ বিভিন্ন স্থানে এটি ছিল ট্রাম্পবিরোধী এক বিশাল বিক্ষোভ সমাবেশ। বলা হচ্ছে, দেশজুড়ে প্রায় ১,২০০টি স্থানে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকরা আমেরিকান রিভল্যুশনারি ওয়ার বা আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরুর ২৫০ তম বার্ষিকীর সাথে মিলিয়ে এই বিক্ষোভ করার পরিকল্পনা করেছিলেন। ‘৫০৫০১’ নামে পরিচিত এই বিক্ষোভের অর্থ হলো ‘৫০ রাজ্যে ৫০ বিক্ষোভ, এক আন্দোলন’।
হোয়াইট হাউজের সামনে ছাড়াও টেসলা ডিলারশিপের সামনে এবং বহু শহরের কেন্দ্রে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বিভিন্ন ইস্যুতে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।
তাদের অনেকে ভুলবশত, এল সালভাদরে ফেরত পাঠানো কিলমার আবরেগো গার্সিয়াকে যুক্তরাষ্ট্রে ফেরত আনার আহবান জানান।
বিবিসির খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিবাদ সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে গত এপ্রিলে ট্রাম্পবিরোধী ‘হ্যান্ডস অফ’ বিক্ষোভে বিশাল পরিমাণে মানুষ অংশ নিয়েছিলেন। জনমত জরিপগুলো বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমছে।
গতকাল শনিবারের (১৯ এপ্রিল) বিক্ষোভে ট্রাম্পের বেশ কয়েকটি পদক্ষেপ তুলে ধরে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এর মধ্যে সরকারি চাকরি কাটছাঁট ও অন্য খরচ কমানোর মতো সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের নেয়া পদক্ষেপও আছে।










