রাঙ্গামাটিতে পিকআপ ও অটোরিকশা দুর্ঘটনায় পাঁচ জন নিহত
- আপডেটঃ ১২:৪১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ৮৪৮ বার পঠিত
রাঙামাটির কাউখালীতে পিকআপভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচযাত্রী নিহত হয়েছেন।
আজ শনিবার (২৬ এপ্রিল) সকালের দিকে উপজেলার চেয়ারম্যানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের তিনজনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন—চট্টগ্রামের রাউজান উপজেলার চৌধুরীপাড়ার তোরাপ, রাঙামাটির কাউখালীর পশ্চিম মনাইরটেকের নূন নাহার এবং হাটহাজারীর ঈসাপুর এলাকার ছাত্তারঘাট গ্রামের মাহমুদুর রহমান। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাউখালী উপজেলার রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় অটোরিকশাকে চাপা দেয় পিকআপ ভ্যানটি। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে তিন জন নিহত ও একজন আহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। মরদেহ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।










