রংপুরে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩
- আপডেটঃ ০১:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ৮৭৫ বার পঠিত
রংপুরের কাউনিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।
আজ মঙ্গলবার (১৩ মে) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মহেশা গ্রামের জুম্মার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– উপজেলার মহেশা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম লন্ডীর স্ত্রী রুবিনা বেগম (৩২) তাঁর ছেলে রহমত আলী ও এসএসসি পরীক্ষার্থী ভাতিজি আফছানা বেগম স্নেহা (১৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আশরাফুল তাঁর স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন। তাঁরা মহেশা গ্রামের জুম্মার নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিনা বেগম, তাঁর ছেলে রহমত আলী ও ভাতিজি স্নেহা প্রাণ হারান।
কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, দুঘটনার পর পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করে। পরে পরিবারের পক্ষ থেকে মরদেহ বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।










