কালকিনিতে উচ্চ শব্দে হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১০
- আপডেটঃ ০৬:৩৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ৮৪৫ বার পঠিত
মাদারীপুরের কালকিনিতে উচ্চ শব্দে হর্ন বাজানোকে কেন্দ্র করে পরিবহন চালক ও এলাকাবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর করা হয়।
গতকাল সোমবার (১২ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উচ্চ শব্দে হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয় তারা।
পুলিশ, স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, বিকালে কালকিনি থেকে ঢাকাগামী সার্বিক পরিবহণের একটি যাত্রীবাহী বাস চালাচ্ছিলেন চালক অহিদুল ব্যাপারী। বাসটি রেন্ডিতলা এলাকায় হর্ন দিলে তা শুনে মোটরসাইকেল চালক মেহেদি ঘরামী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে মেহেদির স্বজনেরা বাসটিকে ধাওয়া দেয়। ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় বাসটির গতিরোধ করে তারা। ওই সময় চালক অহিদুলকে মারধর করা হয়।
স্থানীয়রা জানান, চালক অহিদুল ব্যাপারী কালকিনির ভুরঘাটা মজিদবাড়ি এলাকার আক্কেল ব্যাপারীর ছেলে এবং মেহেদি ঘরামী পাশের উত্তর রাজদী এলাকার জলিল ঘরামীর ছেলে। পাশাপাশি এলাকায় বসবাস করায় মুহূর্তেই দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে একাধিক ককটেল বিস্ফোরণের পাশাপাশি বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কালকিনি থানার ওসি সোহেল রানা বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।’










