জবি শিক্ষার্থীদের লংমার্চে লাঠিপেটা-কাঁদানে গ্যাস নিক্ষেপ, আহত ৫০
- আপডেটঃ ০৫:১৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ৮১৫ বার পঠিত
৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেটে বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার তিন দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ‘মার্চ টু যমুনা’ পুলিশের বাধার মুখে পড়েছে। এসময় পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাসে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এ পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। পদযাত্রটি কাকরাইল এলাকায় পৌঁছালে সেখানে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। পুলিশের বাধা পেয়ে রাস্তায় বসে পড়ে নানা স্লোগান দিতে শুরু করেন শিক্ষার্থীরা। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি রক্ত আরও দেব রক্ত ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন তারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ঘটনাস্থল থেকে জানান, অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। কয়েকজন পুলিশও আহত হয়েছেন। আহত পুলিশের পাশাপাশি আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে পুলিশ।
শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ তাদের দাবি না মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:
১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে।
৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।










