দাবি মানার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
- আপডেটঃ ০১:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / ৮৪২ বার পঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। আগামী সাত দিনের মধ্যে এসব বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতকাল শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাতটার দিকে কাকরাইলে আন্দোলনস্থলে এসে তিনি এ তথ্য জানান।
এর আগে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, কয়েক ঘণ্টার মধ্যেই জবির বিষয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে।
উল্লেখ্য, চার দফা দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে তারা গতকাল কাকরাইল মোড়ে নয়, বরং প্রধান উপদেষ্টার ভবনের যাওয়ার সড়কের মুখে অবস্থান নিয়েছেন। ফলে খোলা রয়েছে কাকরাইল মোড়, যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
তাদের চার দফা হলোঃ
১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে;
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে;
৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে;
৪. শিক্ষার্থীদের ওপর আক্রমণ করা পুলিশের বিচার করা।










