গাজায় ‘সীমিত পরিমাণে’ ত্রাণ প্রবেশের অনুমতি ইসরাইলের
- আপডেটঃ ০৩:৪৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ৮১০ বার পঠিত
যুক্তরাষ্ট্রের চাপ ও তীব্র আন্তর্জাতিক সমালোচনার মুখে অবশেষে গাজায় সামান্য ত্রাণ প্রবেশের সুযোগ দিতে রাজি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আজ রোববার (১৮ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার কার্যালয়। খবর টাইমস অব ইসরাইলের।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে,‘আইডিএফের সুপারিশের ভিত্তিতে হামাসকে নির্মূল করার জন্য এবং তীব্র যুদ্ধ সম্প্রসারণে সফলতার জন্য কার্যকরী প্রয়োজনের কারণে এটি করা হচ্ছে’।
নেতানিয়াহু বলেন,‘ ইসরাইল গাজা উপত্যকায় ক্ষুধা সংকটের বিকাশ রোধ করতে জনগণের মৌলিক চাহিদা মেটাতে খাদ্য প্রবেশের অনুমতি দেবে’, কারণ এই ধরনের সংকট ‘হামাসকে পরাজিত করার অব্যাহত অভিযানকে বিপন্ন করবে’।
তবে ইসরাইলি হামাসকে মানবিক সহায়তা বিতরণের নিয়ন্ত্রণ নিতে দেবে না। এ জন্য পদক্ষেপ নেবে, যাতে ত্রাণ হামাস যোদ্ধাদের কাছে না পৌঁছায়।
গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের ওপর অবরোধ তুলে নেওয়ার এবং মানবিক সংকটের তীব্রতা রোধ করার জন্য ইসরাইলের ওপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানায়, নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রিসভাকে জানিয়েছেন , মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের কারণে অবিলম্বে সরবরাহ পুনরায় শুরু করা প্রয়োজন। তিনি এই বিষয়ে আনুষ্ঠানিক ভোটাভুটি করেননি, যেমনটি সাধারণত প্রত্যাশিত ছিল। এবং এর পরিবর্তে মন্ত্রিসভাকে জানিয়েছেন যে, এটিই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত,মার্চের ০২ তারিখ থেকে গাজায় সকল ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে ইসরাইল। ফলে খাবারের অভাবে ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে শিশুসহ প্রায় ৫৭ জনের।










