ওড়ার পরই টার্কিশ এয়ারের উড়োজাহাজের ইঞ্জিনে আগুন
- আপডেটঃ ০১:০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / ৮০৮ বার পঠিত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটি জরুরি অবতরণ করান। ২৯০ জন যাত্রীর সবাই নিরাপদ আছেন।
আজ মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭টার দিকে ২৯০ জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা দেয় উড়োজাহাজটি। উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় পাইলট এর একটি ইঞ্জিনে (দুটি ইঞ্জিন থাকে) স্পার্ক দেখতে পান। এরপর পাইলট দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন।
তিনি জানান, এ অবস্থায় প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে সোয়া ৮টায় জরুরি অবতরণ করা হয় উড়োজাহাজটির।
গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, উড্ডয়নের পরপরই পাইলট একটি ইঞ্জিনে কিছুটা স্পার্ক দেখতে পান। ধারণা করা হচ্ছে, বার্ড হিটের ঘটনা ঘটতে পারে। যাত্রীদের প্লেন থেকে অফলোড করা হয়েছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের হোটেলে নিয়ে যাচ্ছে।










