সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রদল
- আপডেটঃ ০৫:৩৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ৮১১ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছে সংগঠনটির নেতা-কর্মীরা। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে নয়টা থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে প্রায় শতাধিক নেতা-কর্মী শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়ক অবরোধ করেন তারা।
এর আগে, গতকাল বুধবার (২১ মে) ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয় যে, সাম্য হত্যার বিচারের দাবিতে কর্মসূচি পালন করা হবে।
স্বাক্ষরিত ওই বার্তায় আরও জানানো হয়, শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেফতার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে।
গত ১৩ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন স্থানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার সাম্য খুন হন।
এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।










