লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল, থেমে থেমে ঝরছে বৃষ্টি
- আপডেটঃ ১২:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- / ৮২৬ বার পঠিত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। কোথাও মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
লঘুচাপের কারণে সমুদ্রের পানির স্তর বেড়ে নদ-নদীগুলোর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে বলে পানিউন্নয়ন বোর্ড কলাপাড়া সার্কেলের নির্বাহী প্রকৌশলী মো. শাহআলম জানিয়েছেন। এতে করে উপকূলের ভাঙনকবলিত বেড়িবাঁধ এলাকার মানুষজনের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক।
এদিকে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর, বেড়েছে বাতাসের চাপও।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। এজন্য পায়রাসহ দেশের চারটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়। একই সঙ্গে মাছধরার ট্রলার ও নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।










