বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
- আপডেটঃ ০১:০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- / ৮২৬ বার পঠিত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হওয়ায় বরিশালে রাত থেকে বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নৌবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন বরিশাল নৌবন্দরের কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার (২৯ মে) ভোরে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা। তিনি জানান, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বৈরী আবহাওয়া সৃষ্টি হওয়ায় নৌবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে ১৬টি রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ চলমান থাকবে। বড় লঞ্চের বিষয়ে বিকেলে সিদ্ধান্ত হবে।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের জলানুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলীর তাজুল ইসলাম গণমাধ্যমকে, বুধবার সকাল থেকে বিভাগের গুরুত্বপূর্ণ নদীর ১২টি পয়েন্টের মধ্যে ৬টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভাগের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ বশির আহমেদ গণমাধ্যমকে বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় সাগর ও নদী উত্তাল রয়েছে। মাছ ধরার সকল নৌযানকে নিরাপদে তীরে আসার জন্য বলা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার সকাল ৯টার আপডেটে বলা হয়েছে, পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর এবং বরিশাল নদী বন্দরকে ২ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।










