শেখ মুজিবসহ জাতীয় চার নেতা ও মুজিবনগর সরকারের সকলেই মুক্তিযোদ্ধা: ফারুক ই আজম
- আপডেটঃ ০১:০১:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- / ৮৫৩ বার পঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা মুজিবনগর সরকারে থাকা সবাই মুক্তিযোদ্ধা-এ কথা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, মুজিবনগর সরকার একাত্তরের মুক্তিযুদ্ধ পরিচালনা করার কারণে সেই সরকারের সাথে যুক্ত সবার মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকবে।
আজ বুধবার (০৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।
উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, মুজিবনগর সরকারে যারা ছিলেন, তারাও মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবে। যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছে, তারা মুক্তিযোদ্ধা। গণমাধ্যমে মিসলিডিং হয়েছে। তবে ওই সরকারের কর্মকর্তা, কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন।
তিনি আরও বলেছেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রসহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা। সহযোগী মানে এই নয় যে তাদের সম্মান ক্ষুণ্ন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে তা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইনের সংশোধিত অধ্যাদেশে স্পষ্টভাবে উল্লেখ থাকলেও এটি নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মুক্তিযুদ্ধ বিষয়ক এ উপদেষ্টা জানান, ১৯৭২ সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সেটাই তা বাস্তবায়ন করেছেন। ২০১৮ ও ২০২২ সালে এটা পরিবর্তন করা হয়। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়েরই সম্মান, মর্যাদা, সুযোগ-সুবিধা একই থাকবে। জাতিগতভাবে মুক্তিযুদ্ধ না করলে আমরা স্বাধীন হতাম না। মুক্তিযুদ্ধের চেয়ে গৌরব আমাদের জাতির ইতিহাসে আর হয়নি।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৩ জুন) রাতে বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জামুকা আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করে সরকার।










